ঢাকাThursday , 3 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

হার্ট অ্যাটাক ও ব্রোকেন হার্ট সিন্ড্রোম শনাক্তে নতুন রক্ত পরীক্ষার পদ্ধতি


September 3, 2026 12:45 am
Link Copied!

সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে কর্মরত একদল গবেষক হার্ট অ্যাটাক এবং ব্রোকেন হার্ট সিন্ড্রোম শনাক্তের পার্থক্য নির্ণয়ে একটি নতুন রক্ত পরীক্ষার পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষক দলের দাবি, এই পদ্ধতিটি রোগীদের অস্ত্রোপচার বা ইনভেসিভ পরীক্ষার আগেই নির্ভুলভাবে রোগ নির্ণয় করতে সহায়তা করবে।

তাকোতসুবো সিন্ড্রোম বা ব্রোকেন হার্ট সিন্ড্রোম সাধারণত শারীরিক বা মানসিক তীব্র চাপের কারণে হয়ে থাকে, যা অনেকটা হার্ট অ্যাটাকের মতোই উপসর্গ সৃষ্টি করে। প্রায়ই হার্ট অ্যাটাক হিসেবে ভুল হওয়ার কারণে রোগীরা অপ্রয়োজনীয় জটিল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যান। নতুন এই ‘বায়োটেক’ (BioTAK) স্কোরিং পদ্ধতিটি রোগীর লিঙ্গ এবং রক্তে থাকা নির্দিষ্ট বায়োমার্কারের সমন্বয়ে কাজ করে।

গবেষণায় প্রায় ১ হাজার ৮০০ জন রোগীর তথ্যের ওপর ভিত্তি করে এই পরীক্ষাটি যাচাই করা হয়েছে। এতে দেখা গেছে, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন বা হৃদযন্ত্রের রক্তনালীর অভ্যন্তরীণ পরীক্ষার আগেই সিস্টেমটি প্রায় ৯০ শতাংশ রোগীকে সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে।

জুরিখ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মলিকুলার কার্ডিওলজির গবেষক ফ্লোরিয়ান এ. ওয়েঞ্জল জানিয়েছেন, রক্তে থাকা বায়োমার্কারের সংমিশ্রণ হৃদরোগ শনাক্তে উল্লেখযোগ্য নির্ভুলতা আনতে পারে। একই বিশ্ববিদ্যালয়ের গবেষক ভিক্টর শোয়েইগার জানান, এই বায়োমার্কারগুলো হৃদযন্ত্রের সেই জৈবিক প্রক্রিয়াগুলো বুঝতে সাহায্য করে, যা ব্রোকেন হার্ট সিন্ড্রোমকে হার্ট অ্যাটাক থেকে আলাদা করে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই পদ্ধতিটি জরুরি বিভাগে হার্ট অ্যাটাকের উপসর্গ নিয়ে আসা রোগীদের দ্রুত সঠিক চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এটি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের বিকল্প নয়। পরবর্তী ধাপে রুটিন স্বাস্থ্যসেবায় এর কার্যকারিতা নিয়ে আরও গবেষণা করা হবে।