যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে আয়োজিত ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে ব্রিটিশ-আমেরিকান লেখক সালমান রুশদিকে ‘ডিস্টিংগুইশড কন্ট্রিবিউশন টু আমেরিকান লেটার্স’ পদক দেওয়া হবে। সাহিত্যে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ১৮ নভেম্বর এই সম্মাননা প্রদান করা হবে বলে ন্যাশনাল বুক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত রুশদি এই সম্মাননা পাওয়া ৩৯তম ব্যক্তি।
অনুষ্ঠানে রুশদির দীর্ঘদিনের বন্ধু ও লেখক কিরণ দেশাই তার হাতে এই পদক তুলে দেবেন। যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণকারী লেখকদের মধ্যে চতুর্থ ব্যক্তি হিসেবে রুশদি এই বিশেষ সম্মাননা পাচ্ছেন। এর আগে শল বেলো, ইসাবেল আয়েন্দে এবং আর্ট স্পিগেলম্যান এই পুরস্কার পেয়েছেন।
সালমান রুশদি দুই দশকের বেশি সময় ধরে ২০টিরও বেশি বই লিখেছেন। তার বিখ্যাত উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’-এর জন্য তিনি বুকার পুরস্কার অর্জন করেন। তবে তার কর্মজীবন বিতর্কের মধ্য দিয়েও অতিবাহিত হয়েছে। ১৯৮৮ সালে প্রকাশিত ‘দ্য স্যাটানিক ভার্সেস’ উপন্যাসের পর মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তার বিরুদ্ধে ফতোয়া জারি করেন।
২০২২ সালে নিউইয়র্কে একটি সাহিত্য অনুষ্ঠানে রুশদির ওপর ছুরি নিয়ে হামলা চালানো হয়, এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে এ ঘটনার অভিজ্ঞতা নিয়ে তিনি ‘নাইফ’ শিরোনামে স্মৃতিকথা প্রকাশ করেন, যা ২০২৪ সালের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের প্রতিযোগিতামূলক বিভাগে মনোনীত হয়।
ন্যাশনাল বুক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রুথ ডিকি বলেন, রুশদির সাহিত্যকর্ম সীমান্ত, প্রজন্ম এবং পরিচয়ের বাধা পেরিয়ে মানুষের মধ্যে সংযোগ তৈরির সক্ষমতা ও সাহিত্যের শক্তিকে তুলে ধরেছে।