ভারতের মুম্বাইতে বলিউড তারকা সাইফ আলি খান ও সোহা আলি খানের বোন সাবা পাতৌদী জানিয়েছেন, মনের মতো জীবনসঙ্গী না পাওয়ায় তিনি এখনো অবিবাহিত। নেহা ধূপিয়া ও অঙ্গদ বেদীর সঙ্গে এক আলাপচারিতায় ৫০ বছর বয়সী সাবা তার ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য প্রকাশ করেন। পরিবার ও ক্যারিয়ারের বাইরেও তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের দীর্ঘদিনের কৌতুহলের জবাব দিয়েছেন তিনি।
সাবা জানান, জীবনে তিনি কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়াননি। ১৯ বছর বয়সে কলকাতার এক পাত্রের সঙ্গে তার বিয়ের কথা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু মানসিকভাবে প্রস্তুত না থাকায় শেষ পর্যন্ত সেই বিয়ে ভেঙে যায়। এরপর বিয়ে নিয়ে কোনো আপত্তি না থাকলেও, নিজের মনের মতো কাউকে খুঁজে না পাওয়ায় তিনি আজও একাকী জীবনযাপন করছেন।
বাবার মতো কাউকে খুঁজছেন কি না এমন প্রশ্নের জবাবে সাবা বলেন, তিনি বাবার ব্যক্তিত্ব ও গুণের অনুরাগী হলেও জীবনসঙ্গী হিসেবে কাউকে অন্ধভাবে অনুসরণ করতে চাননি। তিনি অভিনেত্রী তাপসী পান্নুর একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, জীবনসঙ্গী হিসেবে একজন পরিণত মানুষের প্রয়োজন ছিল তার, কিন্তু বাস্তবে তেমন কাউকে খুঁজে পাননি।
বর্তমানে সাবা পেশাগত জীবনে একজন গয়না ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত। পাশাপাশি ট্যারো রিডার ও স্পিরিচুয়াল হিলার হিসেবেও পরিচিতি রয়েছে তার। অভিনয় জগত থেকে দূরে থাকলেও নিজের স্বাধীন জীবন নিয়ে তিনি সন্তুষ্ট বলে জানিয়েছেন।