কলম্বিয়ার কালিতে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন আবেল আরদো দে লা এসপ্রিয়েলা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্রোহী গোষ্ঠীর সম্ভাব্য হামলা ও বিক্ষোভ ঠেকাতে রাজধানী বোগোতার পরিবর্তে দক্ষিণ-পশ্চিমের শহর কালিকে বেছে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
আবেল আরদো দে লা এসপ্রিয়েলা দেশটির অপরাধ দমন এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছেন। তিনি মূলত একজন অপরাধ বিষয়ক আইনজীবী এবং রাজনৈতিক অঙ্গনে নবাগত। তার মূল লক্ষ্য হলো দেশের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা এবং বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর আমলে বেড়ে যাওয়া বাজেট ঘাটতি কমাতে সরকারি ব্যয় ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা।
নিরাপত্তা নিশ্চিত করতে শহরে ১১ হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ড্রোন উড্ডয়ন নিষিদ্ধসহ রাস্তায় ব্যক্তিগত গাড়ির চলাচল বন্ধ রাখা হয়েছে। আবেল আরদো দে লা এসপ্রিয়েলা জানান, দেশের ভূখণ্ড ও শহরগুলোর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া তার সরকারের প্রথম অগ্রাধিকার।
পূর্বসূরি গুস্তাভো পেত্রোর ‘টোটাল পিস’ বা শান্তি চুক্তির কৌশলকে ব্যর্থ আখ্যা দিয়ে নতুন প্রেসিডেন্ট আলোচনার পরিবর্তে কঠোর সামরিক অবস্থানের দিকে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এতে সংঘাত কিছুটা কমলেও বিদ্রোহীদের স্বাভাবিক জীবনে ফেরানোর পথ বন্ধ হয়ে যেতে পারে।
ক্ষমতা গ্রহণের শুরুতেই তাকে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিদায়ী প্রেসিডেন্ট পেত্রো নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করায় এবং কংগ্রেসের অস্থিতিশীলতায় নতুন সরকারের নীতি বাস্তবায়ন জটিল হতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।