যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা ও পেশায় আইনজীবী ডেভিড ডি পিয়েরো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের সহজ ও সাবলীল অভিজ্ঞতার কথা শেয়ার করে লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী এই কন্টেন্ট ক্রিয়েটর তার আকস্মিক জনপ্রিয়তা, নিজের লেখা বই ‘দ্য লেটারস আই নেভার সেন্ট’ এবং আসন্ন সফর নিয়ে কথা বলেছেন। ডিজিটাল প্ল্যাটফর্মে কৃত্রিমতার ভিড়ে মানুষের সাথে প্রকৃত মানবিক সংযোগ স্থাপনের প্রচেষ্টাই তাকে ৬ মিলিয়ন অনুসারীর কাছে জনপ্রিয় করে তুলেছে।
ডেভিড ডি পিয়েরো নিউ জার্সিতে জন্ম নিলেও তার জীবনের শুরুর দিকের কিছু সময় কেটেছে ইতালিতে। বর্তমানে তিনি জার্সি সিটিতে বসবাস করেন এবং বুমফিল্ডে তার বাবা ও ভাইয়ের সঙ্গে পারিবারিক আইনি প্রতিষ্ঠানে কাজ চালিয়ে যাচ্ছেন। আইন পেশার পাশাপাশি টিকটক ও ইনস্টাগ্রামে তিনি প্রতিদিনের জীবন, কাজ, ভালোবাসা এবং আধ্যাত্মিকতা নিয়ে ভিডিও তৈরি করেন। তার এই কাজগুলো মূলত গাড়িতে বসে রেকর্ড করা, যা দর্শক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে।
নিজের এই সফলতাকে তিনি অনেকটা ‘আকস্মিক’ বলে অভিহিত করেছেন। ডেভিড বলেন, কোনো বিশেষ কৌশল বা পরিকল্পনা ছাড়াই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন। মূলত এক প্রাক্তন বান্ধবীর পরামর্শে তিনি নিজের চিন্তাভাবনা অনলাইনে শেয়ার করা শুরু করেন। বর্তমান প্রজন্মের কর্মব্যস্ততা, ক্লান্তি এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে তার বাস্তবধর্মী বক্তব্য মানুষকে ভীষণভাবে প্রভাবিত করে।
তিনি জানান, তার এই ভিডিওগুলো কোনো আইনি পরামর্শ নয়, বরং জীবনের সাধারণ কিছু পর্যবেক্ষণ। তার মতে, ইতালীয় সংস্কৃতির অংশ হিসেবে সহজাত গল্প বলার প্রবণতা থেকেই তিনি এমনটা করেন। তিনি বিশ্বাস করেন, বয়স নির্বিশেষে মানুষের জীবনের সংগ্রামগুলো মূলত একই সুতোয় গাঁথা।
তার দাদা একজন ধর্মপ্রচারক ছিলেন, যার জীবন দর্শন তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। ডেভিড মনে করেন, তার এই বিপুল পরিচিতিকে তিনি মানুষের মাঝে ইতিবাচক বার্তা এবং বিশ্বাসের বাণী ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। আগামী ডিসেম্বরে তার বইটির নতুন সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে এবং সেপ্টেম্বরের শেষ দিকে তিনি তার প্রথম স্ট্যান্ড-আপ কমেডি ট্যুর শুরু করবেন।