বাংলাদেশের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় পশ্চিম কলাউজান বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া দুই বোন হলো আমেনা আক্তার (১১) ও আয়শা বেগম (১০)। তারা চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকার বাসিন্দা মো. ইউনুছের মেয়ে। মো. ইউনুছ স্থানীয় একটি হেফজখানায় কর্মরত থাকায় পরিবার নিয়ে কলাউজান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পারিবারিক সূত্র ও স্থানীয় জনপ্রতিনিধি জানান, দুই বোন সাঁতার জানত না। দীর্ঘ সময় বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে ওই পুকুরে গোসল করতে নামা এক ব্যক্তি অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেন। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।