বাংলাদেশের আলিয়া মাদরাসাগুলোতে ষষ্ঠ শ্রেণি থেকে আলিম পর্যায় পর্যন্ত ছাত্রীদের নিয়ে ফুটবল টিম গঠনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড, যা ঘিরে ব্যাপক বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। বোর্ড রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এই নির্দেশনার পর সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের একাংশ এর তীব্র সমালোচনা করছেন। তাদের মতে, ধর্মীয় মূল্যবোধ ও পর্দা রক্ষা করে সাবালিকা ছাত্রীদের ফুটবল খেলায় অংশগ্রহণ করা ইসলামি শরিয়তের সঙ্গে সাংঘর্ষিক।
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে মাদরাসা শিক্ষা বোর্ড দেশের সব আলিয়া মাদরাসায় ছাত্র ও ছাত্রীদের সমন্বয়ে ফুটবল দল গঠনের এই নির্দেশনা দেয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন এবং একই সময়ে দেশজুড়ে প্রতিযোগিতা শুরু হবে।
নির্দেশনায় বলা হয়েছে, দাখিল (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ও আলিম (প্রথম থেকে দ্বিতীয় বর্ষ) স্তরে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ফুটবল দল গঠন করতে হবে। ৩০ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ই-মেইলে দল গঠনের তথ্য পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নির্দেশনার বিরোধিতা করে ঢাকা আলিয়া মাদরাসার প্রভাষক নাজমুল হক আকন্দ জানান, প্রতিযোগিতামূলক ফুটবলে শারীরিক সংঘর্ষ এবং খেলোয়াড়দের পোশাক মাদরাসার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানি বলেন, পর্দা ও সতর রক্ষা করা ইসলামের ফরজ বিধান। মেয়েদের শরীরচর্চায় আপত্তি না থাকলেও সেটি অবশ্যই শরিয়তসম্মত পরিবেশে হতে হবে।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিভাবক ও শিক্ষকদের একাংশ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান জানান, এ সংক্রান্ত কোনো আপত্তি থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত তারাই গ্রহণ করবেন।