মালদ্বীপের মালেতে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা কেনাবেচার অভিযোগে তিন বাংলাদেশি ও তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। মালদ্বীপ পুলিশ জানিয়েছে, এই চক্রটি দীর্ঘ সময় ধরে আইন বহির্ভূতভাবে ডলারের ব্যবসা চালিয়ে আসছিল, যা দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও নিয়ন্ত্রণে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
তদন্তে উঠে এসেছে, গত তিন বছরে গ্রেফতারকৃতদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫ কোটি ৪৪ লাখ ২৯ হাজার ৫৫০ রুফিয়া এবং ১৬ লাখের বেশি মার্কিন ডলার লেনদেন হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে অ্যাকাউন্ট্যান্ট, ওয়েটার, ড্রাইভার, ইঞ্জিনিয়ার, সেলসম্যান ও ক্লিনার হিসেবে কর্মরত ব্যক্তিরা রয়েছেন।
পুলিশের তথ্যমতে, অভিযুক্তরা বৈধ কর্মসংস্থানের বাইরে গিয়ে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন। তাদের এই কারবারে স্থানীয় নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। মালদ্বীপ পুলিশ সতর্ক করে বলেছে, কোনো নাগরিক যদি নিজের ব্যাংক অ্যাকাউন্ট বিদেশিদের অবৈধ লেনদেনের জন্য ব্যবহারের সুযোগ দেন, তবে সেই অ্যাকাউন্টধারীর বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মালদ্বীপ সরকার বর্তমানে বৈদেশিক মুদ্রার প্রবাহ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে রিসোর্টগুলোকে তাদের আয়ের অন্তত ৪০ শতাংশ স্থানীয় ব্যাংকের মাধ্যমে রূপান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।