যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে লেক ওন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার জন্য অ্যাপলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বারগাম ফক্স নিউজের এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন। কানাডার সাথে চলমান বাণিজ্যযুদ্ধের আবহে ভৌগোলিক নামের এই পরিবর্তনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বারগাম জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি অ্যাপল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি আশা করছেন খুব দ্রুতই অ্যাপলের ম্যাপস প্ল্যাটফর্মে নতুন নামটি দেখা যাবে। যদিও এ বিষয়ে অ্যাপল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এবং সোমবার বিকাল পর্যন্ত তাদের ম্যাপে আগের নামটিই দেখা যাচ্ছিল।
গুগল ইতিমধ্যে মার্কিন ব্যবহারকারীদের জন্য নতুন নাম ‘লেক আমেরিকা’ চালু করেছে। যুক্তরাষ্ট্রের ভৌগোলিক নাম নির্ধারণ ব্যবস্থার নীতি অনুযায়ী গুগল এই পদক্ষেপ নিয়েছে। তবে তারা জানিয়েছে, কানাডার ব্যবহারকারীরা আগের নাম ‘লেক ওন্টারিও’ দেখতে পাবেন এবং অন্যান্য দেশের ব্যবহারকারীরা উভয় নামই দেখতে পাবেন।
প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে এই হ্রদের নতুন নাম ঘোষণা করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সরকারি নথিতে তা আপডেটের নির্দেশ দেন। এটি কানাডার সাথে চলমান বাণিজ্য উত্তেজনারই একটি অংশ বলে মনে করা হচ্ছে।
কানাডা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। এছাড়া নিউ ইয়র্কের সেনেকা নেশনের নেতারা এই পদক্ষেপকে ২২৫ বছরের পুরোনো চুক্তি লঙ্ঘন এবং আদিবাসীদের প্রতি অসম্মান হিসেবে আখ্যায়িত করেছেন। উল্লেখ্য, গত বছর মেক্সিকো উপসাগরের নাম ‘আমেরিকা উপসাগর’ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প, যা পরবর্তীতে অ্যাপল ও গুগল তাদের ম্যাপে কার্যকর করেছিল।