ঢাকাFriday , 4 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

পদার্থবিজ্ঞানের শত বছরের পুরোনো ধারণা ভুল প্রমাণ করলেন বিজ্ঞানীরা


September 4, 2026 10:15 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের পিটসবার্গে অবস্থিত কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হল ইফেক্ট সংক্রান্ত পদার্থবিজ্ঞানের এক শতাব্দীর পুরোনো ধারণা ভুল প্রমাণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের গবেষক সিমরানজিৎ সিং ও তার দল দাবি করেছেন, কেবল চৌম্বক ক্ষেত্রের উলম্ব (perpendicular) দিক নয়, বরং সমান্তরাল (in-plane) দিক থেকেও হল ইফেক্টের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব। এই আবিষ্কারটি পদার্থবিজ্ঞানের মৌলিক গবেষণায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

১৮৭৯ সালে এডউইন হল আবিষ্কার করেছিলেন যে, কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যদি সেখানে উলম্বভাবে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়, তবে চার্জের প্রবাহ একপাশে সরে যায়। এটিই মূলত হল ইফেক্ট হিসেবে পরিচিত, যা বর্তমানের কম্পিউটার কিবোর্ড থেকে শুরু করে গাড়ির সেন্সর প্রযুক্তি পর্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এতদিন বিজ্ঞানীরা মনে করতেন, এই প্রতিক্রিয়া কেবল উলম্ব চৌম্বক ক্ষেত্রেই সম্ভব।

গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট বিন্যাসের উপাদানে সমান্তরাল চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করেও হল ইফেক্ট পাওয়া সম্ভব। এর ফলে একটি মাত্র সেন্সর দিয়েই একাধিক দিকে চৌম্বক ক্ষেত্র পরিমাপ করা যাবে, যা আগে সম্ভব ছিল না। এতে ভবিষ্যতে উন্নত ইলেকট্রনিক্স, পরিবহন ব্যবস্থা এবং চিকিৎসা সরঞ্জামে ছোট ও সহজতর সেন্সর ব্যবহারের পথ সুগম হবে।

গবেষক দলটি ট্যানটালাম ইরিডিয়াম টেলুরাইড (TaIrTe4) নামক একটি বিশেষ উপাদান ব্যবহার করে এই পরীক্ষাটি সম্পন্ন করেছেন। উপাদানটির পারমাণবিক স্তরের বিন্যাস এবং এর সঙ্গে যুক্ত থাকা চৌম্বক স্তরের প্রভাবে এই নতুন ধরনের হল ইফেক্টটি শনাক্ত করা সম্ভব হয়েছে। নেচার ম্যাটেরিয়ালস জার্নালে প্রকাশিত এই গবেষণায় অংশ নিয়েছেন সিমরানজিৎ সিং, জ্যোতি কাটোচসহ বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন বিজ্ঞানী। বর্তমানে তারা এই প্রযুক্তি সাধারণ তাপমাত্রায় ব্যবহারের উপযোগী কি না, তা নিয়ে কাজ করছেন।