যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সিয়াটল টাইমস ও নিউজডে যৌথভাবে ওপেনএআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সংবাদমাধ্যম দুটির অভিযোগ, তাদের কপিরাইটযুক্ত কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করে এই দুই প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের প্রশিক্ষণ দিয়েছে। মামলাকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, জেনারেটিভ এআই প্রযুক্তি নিজেই সংবাদমাধ্যমের অস্তিত্ব ও কনটেন্টের জন্য হুমকি স্বরূপ।
অভিযোগে বলা হয়েছে, ওপেনএআই ও মাইক্রোসফট সুপরিকল্পিতভাবে সংবাদ নিবন্ধগুলো সংগ্রহ করেছে এবং এজন্য তারা পে-ওয়াল বা অর্থপ্রদানের বাধা এড়িয়ে গেছে। সংবাদমাধ্যম দুটির মতে, এই প্রক্রিয়ায় তৈরি করা এআই মডেলগুলো তাদের মূল খবরের বিকল্প হিসেবে কাজ করছে, যা পাঠকের সংখ্যা কমিয়ে বিজ্ঞাপনের আয়কে ক্ষতিগ্রস্ত করছে।
মামলায় আরও বলা হয়েছে, এই এআই মডেলগুলো অনেক সময় ভুল তথ্য তৈরি করে এবং তা সংবাদমাধ্যমের নামেই প্রচার করে, যা বিভ্রান্তি ছড়াচ্ছে। পাশাপাশি, নিবন্ধ থেকে কপিরাইট সংক্রান্ত তথ্য সরিয়ে ফেলার মতো কর্মকাণ্ডও চালাচ্ছে প্রতিষ্ঠানগুলো।
উল্লেখ্য যে, এর আগেও নিউ ইয়র্ক টাইমস একই অভিযোগে ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল। এছাড়া সিএনএনও পারপ্লেক্সিটির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে। তবে এপি ও ভক্স মিডিয়ার মতো কিছু সংবাদমাধ্যম ভিন্ন পথে হেঁটে ওপেনএআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যার আওতায় তারা এআই প্রশিক্ষণের জন্য নিজস্ব কনটেন্ট ব্যবহারের অনুমতি দিয়েছে।