যুক্তরাষ্ট্রের বাজারে জনপ্রিয় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্যানন তাদের দীর্ঘদিনের প্রচলিত কফি ফ্লেভারের দই বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ১ এপ্রিল থেকে এই পণ্যটি আর পাওয়া যাচ্ছে না। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ কয়েক দশক ধরে এই দইয়ের স্বাদে অভ্যস্ত গ্রাহকরা চরম হতাশায় পড়েছেন এবং প্রতিষ্ঠানটিকে পণ্যটি পুনরায় বাজারে ফেরানোর আহ্বান জানিয়েছেন।
দীর্ঘদিনের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পিটিশনের মাধ্যমে তাদের ক্ষোভ তুলে ধরছেন। অনেকে একে তাদের প্রাত্যহিক জীবনের অংশ বলে উল্লেখ করেছেন। ডোরন জিফ নামের এক আইনজীবী জানিয়েছেন, গত ৪০ বছর ধরে তিনি ড্যাননের এই দই খেয়ে অভ্যস্ত ছিলেন এবং এটি ছিল তার সকালের নিয়মিত খাবারের তালিকায়। লিসা সিগনোরেলি নামের আরেক গ্রাহক জানান, ৫০ বছর ধরে এই দইয়ের প্রতি তিনি আসক্ত ছিলেন।
গ্রাহকদের অনেকের মতে, বাজারে অন্য কোম্পানির কফি ফ্লেভারের দই থাকলেও ড্যাননের ওই দইয়ের স্বাদ ও টেক্সচার ছিল অনন্য। অনেকে বিকল্প হিসেবে ঘরেই দই তৈরির চেষ্টা করছেন, তবে ড্যাননের স্বাদ পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
ড্যাননের ইয়োগার্ট বিভাগের প্রেসিডেন্ট রাফায়েল আচেভেদো জানিয়েছেন, গ্রাহকদের পছন্দ ও বর্তমান সময়ের পুষ্টিগুণ বিবেচনায় রেখে ভবিষ্যতে নতুন কোনো রূপে এই কফি ফ্লেভারের দই আবারও বাজারে ফেরানোর সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে পণ্যটি বন্ধ থাকার বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত কোনো মন্তব্য করা হয়নি।