যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির অফশোর বায়ুবিদ্যুৎ প্রকল্পগুলো বন্ধ করার বিনিময়ে জার্মান জ্বালানি কোম্পানি আরডব্লিউই-কে (RWE) ১২০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের সাথে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট জার্মান কোম্পানিটি। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে বায়ুবিদ্যুৎ খাতের বড় প্রকল্পগুলো বাতিল হতে যাচ্ছে, যা ট্রাম্প প্রশাসনের জীবাশ্ম জ্বালানি নির্ভরতা বাড়ানোর নীতির প্রতিফলন।
চুক্তি অনুযায়ী, আরডব্লিউই ক্যালিফোর্নিয়া, লুইজিয়ানা উপকূল এবং নিউ ইয়র্ক বাইট থেকে তাদের সব লিজ বা ইজারা চুক্তি প্রত্যাহার করে নেবে। কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বায়ুবিদ্যুৎ প্রকল্পগুলোর অনুমোদনের আর কোনো সুযোগ নেই বলে তারা এই পথ বেছে নিয়েছে।
প্রাপ্ত অর্থ কোম্পানিটি এখন প্রথাগত গ্যাস প্রকল্পে পুনরায় বিনিয়োগ করবে। এর মধ্যে ৯০০ মিলিয়ন ডলার লুইজিয়ানায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি টার্মিনাল নির্মাণে ব্যয় করা হবে। তবে কোম্পানিটি আগামী ছয় বছরে যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রায় ১,৯৬০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এমন একটি জ্বালানি ব্যবস্থা চায় যা সাধারণ বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্তের ওপর ভিত্তি করে গড়ে উঠবে, কোনো ব্যয়বহুল ভর্তুকির ওপর নয়। তিনি আরডব্লিউই-এর এই স্বেচ্ছায় বিনিয়োগকে দেশের জ্বালানি নিরাপত্তা সুসংহত করার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
নির্বাচনী প্রচারাভিযানের সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প বায়ুবিদ্যুতের তীব্র সমালোচনা করে আসছেন। দায়িত্ব নেওয়ার পর তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বায়ুবিদ্যুতের দিকে আর সরকার ঝুঁকবে না। এর আগে মার্চ মাসে ফ্রান্সের কোম্পানি টোটালএনার্জিস এবং গত মাসে ডিউক এনার্জির সাথেও অনুরূপ চুক্তি করেছিল ট্রাম্প প্রশাসন, যার মাধ্যমে তাদের বায়ুবিদ্যুৎ প্রকল্পগুলো বাতিল করে জীবাশ্ম জ্বালানিতে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।