ঢাকাFriday , 7 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী শিক্ষকদের চিহ্নিত করতে বেরোবিতে কমিটি


August 7, 2026 10:00 am
Link Copied!

বাংলাদেশের রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করছেন এমন শিক্ষকদের চিহ্নিত করতে পাঁচ সদস্যের একটি তথ্য অনুসন্ধান (ফ্যাক্ট-ফাইন্ডিং) কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মকাণ্ড যাচাই করার প্রয়োজনীয়তা থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাথে যোগাযোগ রাখছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও রয়েছেন। এই অভিযোগের সত্যতা নিরূপণ করাই কমিটির মূল দায়িত্ব। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিউল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-আল-রশীদ এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতাউর রহমান। এছাড়া লিগ্যাল সেলের সহকারী রেজিস্ট্রার মোছা. রেহেনা আকতারকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. ফেরদৌস রহমান জানান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদ মন্ডল ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমানসহ সাতজন শিক্ষকের নাম এই তালিকায় এসেছে। এর মধ্যে আসাদ মন্ডল ও মশিউর রহমান আবু সাঈদ হত্যা মামলার আসামি হওয়ায় তাদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকাত আলী জানিয়েছেন, ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির প্রতিবেদন পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এরপর তদন্ত কমিটির সুপারিশ ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির পর্যালোচনার ভিত্তিতে সিন্ডিকেট পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।