যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাডোবি চ্যাটজিপিটির ভেতরে তাদের পুরো ক্রিয়েটিভ ইকোসিস্টেম যুক্ত করার জন্য একটি ইউনিফাইড প্লাগইন চালু করেছে। অ্যাডোবির এই উদ্যোগের ফলে ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটি থেকে বের না হয়েই অ্যাডোবির ৭০টিরও বেশি সৃজনশীল ও উৎপাদনশীল টুল ব্যবহার করতে পারবেন।
নতুন এই প্লাগইনটির মাধ্যমে ফটোশপ, প্রিমিয়ার, ফায়ারফ্লাই এবং লাইটরুমের মতো জনপ্রিয় টুলগুলো সরাসরি চ্যাটজিপিটির সাথে সংযুক্ত থাকবে। ব্যবহারকারীরা কেবল তাদের প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দিলেই চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট অ্যাডোবি টুলগুলো ব্যবহার করে কাজ সম্পন্ন করবে। এর ফলে ব্যবহারকারীদের বারবার বিভিন্ন অ্যাপের মধ্যে আসা-যাওয়ার ঝক্কি পোহাতে হবে না।
প্লাগইনটির মাধ্যমে একাধিক পণ্যের ছবিতে একই ধরনের ভিজ্যুয়াল স্টাইল প্রয়োগ করা, ছবি থেকে প্যাকেজিং মকআপ তৈরি করা কিংবা দীর্ঘ ভিডিও থেকে হাইলাইট রিল তৈরি করে তা ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস বা টিকটকের জন্য রিফর্ম্যাট করা সম্ভব হবে। এছাড়া বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করে নথিপত্র বা ডিজাইনের কাজও করা যাবে।
অ্যাডোবি জানিয়েছে, এই প্লাগইনটি মূলত ব্যবহারকারীদের সময় বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। তবে চ্যাটজিপিটির মাধ্যমে প্রাথমিক খসড়া তৈরি করা গেলেও এটি পেশাদার অ্যাপগুলোর পূর্ণাঙ্গ বিকল্প হিসেবে কাজ করবে না। জটিল ভিডিও এডিটিং বা পিক্সেল-পারফেক্ট ডিজাইনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাবদ্ধতা রয়েছে বলে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে।