সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে মো. আলী আকবর খাঁন (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন হিজল গাছের বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর সিরাজগঞ্জ সদর উপজেলার বোনেরগাতী গ্রামের মৃত আহমেদ আলী খাঁনের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে ওই পর্যটক তার স্ত্রী, ছেলে, মেয়ে ও জামাতাসহ পরিবারের সদস্যদের নিয়ে মধ্যনগর উপজেলা থেকে ‘সাগর পরিবহন’ নামের একটি হাউসবোটে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসেন। বিকেলে হাওরের ওয়াচ টাওয়ারের পাশে হিজল গাছের নিচে অন্য পর্যটকদের সঙ্গে গোসল করতে নামলে তিনি পানির নিচে তলিয়ে যান।
পরে সঙ্গে থাকা স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।