বিশ্বজুড়ে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত উদীয়মান লেখক, কবি ও অনুবাদকদের জন্য মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়া স্পিকস’ ফেলোশিপ ২০২৭ সালের ক্লাসের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন গ্রহণ শুরু করেছে। অলাভজনক এই প্ল্যাটফর্মটি দক্ষিণ এশিয়ার সাহিত্য প্রতিভাদের বিকাশে ও তাঁদের লেখালেখির স্বপ্ন পূরণে কাজ করছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ফেলোশিপের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
ফেলোশিপের ধরণ ও সুযোগ-সুবিধা
২০২১ সালে যাত্রা শুরু করা এই প্রোগ্রামে এখন পর্যন্ত শতাধিক ফেলো মেন্টরশিপ পেয়েছেন। নির্বাচিতরা বিশ্বখ্যাত লেখকদের তত্ত্বাবধানে ওয়ান-অন-ওয়ান সেশন, বিশেষ কর্মশালা, মাস্টারক্লাস এবং আর্থিক অনুদান বা বার্সারি পেয়ে থাকেন। এই প্ল্যাটফর্মের ফেলোরা অতীতে পেঙ্গুইন হাউস ও ব্লুমসবুরির মতো স্বনামধন্য প্রকাশনীর সঙ্গে বইয়ের চুক্তি করেছেন এবং ইংলিশ পেন ও নিউ ইন্ডিয়া ফেলোশিপের মতো সম্মাননা অর্জন করেছেন।
আবেদনের ক্ষেত্রসমূহ
২০২৭ সেশনের জন্য ফিকশন, নন-ফিকশন, কবিতা, অনুবাদ এবং ওরাল হিস্ট্রি বা মৌখিক ইতিহাস—এই পাঁচটি শাখায় আবেদন করা যাবে। আবেদনকারীকে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হতে হবে এবং একটি পূর্ণাঙ্গ বইয়ের প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে। যাদের বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে (স্ব-প্রকাশিত ছাড়া) অথবা যারা বর্তমানে কোনো পূর্ণকালীন একাডেমিক প্রোগ্রামে অধ্যয়নরত আছেন, তারা আবেদনের যোগ্য নন।
মেন্টর প্যানেল ও প্রক্রিয়া
এবারের সেশনে ফিকশন বিভাগে নিনা ম্যাককনিগলে, মহেশ রাও ও প্রয়াগ আকবর, নন-ফিকশনে সনাম মেহের, রোমান গৌতম ও মানসি চোকসি, কবিতায় তিশানি দোশী, অনুবাদে অরুণাভা সিনহা ও শ্রীনাথ পেরুর এবং মৌখিক ইতিহাসে আঞ্চল মালহোত্রা মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। সম্পূর্ণ বিনা মূল্যে পরিচালিত এই প্রোগ্রামে আগ্রহীদের সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট (www.southasiaspeaks.org) থেকে আবেদন করতে হবে।