যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ওয়্যারড চলতি আগস্ট মাসে দর্শকদের জন্য দেখার মতো সেরা সাতটি টিভি শোয়ের একটি তালিকা প্রকাশ করেছে। বিনোদন ও সংস্কৃতির বিভিন্ন দিক এবং সমসাময়িক প্রযুক্তির প্রভাব নিয়ে নির্মিত সিরিজগুলো দর্শকদের আকৃষ্ট করবে বলে জানানো হয়েছে।
তালিকায় প্রথম দিকে রয়েছে জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ স্টার ট্রেকের অরিজিনাল সংস্করণ। সায়েন্স ফিকশন ধারায় বৈপ্লবিক পরিবর্তন আনা এই সিরিজের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্যারামাউন্ট প্লাস প্ল্যাটফর্মে এটি দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি হুুলু প্ল্যাটফর্মে ফিউচারামা সিরিজের ১৪তম সিজন এবং এইচবিও ম্যাক্সে রিক অ্যান্ড মর্টি সিরিজের স্পিন-অফ প্রসিডেন্ট কার্টিস যুক্ত হয়েছে।
ডিসি ইউনিভার্সের নতুন সিরিজ ল্যান্টার্নসকেও এই তালিকায় রাখা হয়েছে। কাইল চ্যান্ডলার ও অ্যারন পিয়েরে অভিনীত এই সিরিজটি ১৬ আগস্ট এইচবিও ম্যাক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে, নেটফ্লিক্সে দ্য আইডাহো মার্ডার্স: কলেজ নাইটমেয়ার নামে একটি ট্রু ক্রাইম সিরিজ যুক্ত হয়েছে, যা বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত।
তালিকায় থাকা অ্যাপল টিভির সায়েন্স ফিকশন থ্রিলার ডার্ক ম্যাটার-এর দ্বিতীয় সিজন ২৮ আগস্ট মুক্তি পাবে। এছাড়া, সাইবার নিরাপত্তার ওপর ভিত্তি করে নির্মিত ব্রিটিশ থ্রিলার দ্য আনডিক্লেয়ারড ওয়ার-এর নতুন সিজন ২৭ আগস্ট পিকক প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রযুক্তি, বিজ্ঞান ও রাজনৈতিক টানাপড়েনের ওপর ভিত্তি করে নির্মিত এই সিরিজগুলো দর্শকদের নতুন অভিজ্ঞতার সুযোগ করে দেবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।