যুক্তরাষ্ট্রের কান্ট্রি মিউজিক ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তারকা শিল্পী কোয়ে ওয়েটজেল ও এলা ল্যাংলি। শুক্রবার সকালে তারা তাদের নতুন গান ‘জেডেড’ প্রকাশ করেছেন, যা দ্রুত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই গানটি মূলত এমন একটি দম্পতির গল্প নিয়ে তৈরি, যারা সম্পর্কের মাঝে পুরনো স্মৃতি ও মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন।
এর আগেও কোয়ে ওয়েটজেল ও এলা ল্যাংলি ‘দ্যাটস হোয়াই উই ফাইট’ শিরোনামের একটি গানে একসঙ্গে কাজ করেছিলেন, যা শ্রোতাদের মাঝে বেশ জনপ্রিয় হয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন এই গানটিও কান্ট্রি মিউজিক প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
গানটি প্রকাশের পর ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভক্তরা তাদের ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে এলা ল্যাংলির কণ্ঠের প্রশংসা করে বলছেন, এটি তাদের শোনা অন্যতম সেরা একটি কান্ট্রি ট্র্যাক। বর্তমানে কান্ট্রি মিউজিক বিশ্বে এলা ল্যাংলি অন্যতম দ্রুত উদীয়মান তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এর আগে তার একক অ্যালবাম ও বিভিন্ন গান বিলবোর্ডের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে।