যুক্তরাষ্ট্রের হলিউডে সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ব্লুফ্লাই’-তে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সাথে পর্দা ভাগ করার বিষয়টি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
অভিনেত্রী নিজেই তার পরবর্তী কাজের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এবার পরবর্তী কাজের দিকে। প্রিয়াঙ্কার এই ঘোষণার পর তার স্বামী নিক জোনাস তাকে অভিনন্দন জানিয়েছেন।
সিনেমাটির পরিচালনায় থাকছেন নিমরোদ আন্টাল। এর চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাঙ্ক এবং কার্লাইল ইউব্যাঙ্ক। ডেডলাইনের তথ্য অনুযায়ী, এটি একটি রোমাঞ্চকর সিনেমা, যেখানে গল্পের বুননে থাকবে নানা অপ্রত্যাশিত মোড়।
উল্লেখ্য, রাসেল ক্রো হলিউডের অত্যন্ত পরিচিত মুখ। রিডলি স্কটের ‘গ্ল্যাডিয়েটর’ সিনেমায় ম্যাক্সিমাস চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। ২০০০ সালের সেই সিনেমাটি পাঁচটি একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিল, যার মধ্যে একটি ছিল সেরা অভিনেতার পুরস্কার।
প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে বিশ্বজুড়ে তার কাজের পরিধি বাড়াচ্ছেন। আট বছর বিরতির পর এস এস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমার মাধ্যমে ভারতীয় সিনেমায় তার ফেরার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। সিনেমাটি ২০২৭ সালের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।