যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের হিট গান ‘রাবারজ’ তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের বিষয়টি শেষ পর্যন্ত স্বীকার করেছেন র্যাপার ফেনিক্স ফ্লেক্সিন। প্রযোজক মেদাসিন এবং একটি এআই ডিটেক্টর টুল গানটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রমাণ পাওয়ার পর নিজের অবস্থান পরিবর্তন করলেন এই শিল্পী।
ফেনিক্স ফ্লেক্সিন এখন দাবি করছেন, তিনি কখনোই এআই ব্যবহারের কথা অস্বীকার করেননি। তার ভাষ্যমতে, গানটি রেকর্ড করার প্রক্রিয়ায় এআইয়ের কোনো ভূমিকা ছিল না। গানের মিশ্রণ বা মিক্সিং করার সময় তিনি এআই অ্যাপের বিষয়টি জেনেছেন। তিনি নতুন প্রযুক্তি ব্যবহারের পক্ষ নিয়ে বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নতুন প্রযুক্তিকে সরঞ্জাম হিসেবে গ্রহণ করা প্রয়োজন।
এর আগে গত মাসে হট ৯৭-এর একটি অনুষ্ঠানে সরাসরি প্রশ্নের মুখে ফেনিক্স দাবি করেছিলেন, তার গানে কোনো এআই ব্যবহার করা হয়নি। এমনকি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে রেকর্ডিং সেশনের ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করেছিলেন যে, গানটি সম্পূর্ণ মানুষের তৈরি। এখন তার এই নতুন বক্তব্য বিষয়টিকে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।