বাংলাদেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান জানিয়েছেন, ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পর থেকে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী ৯ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শনিবার ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, শিশুবিকাশ, সমাজবিজ্ঞান, সমাজকর্ম এবং ক্রীড়া বিষয়ের দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয়। একই দিনে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষাও সম্পন্ন হয়েছে। তবে বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত থাকা পরীক্ষাগুলো এবং ওই বোর্ডের অধীনে থাকা পাঁচটি জেলায় মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাগুলো আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছিল। সব কয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এবার পরীক্ষা নেওয়া হয়েছে।