যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ তারকা লেডি গাগা এবং তার সঙ্গী মাইকেল পোলানস্কির গোপন বিয়ে নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তাদের সম্পর্কের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এই তারকা জুটি গোপনে বিয়ে সেরে হানিমুনে থাকতে পারেন।
গাগা ও পোলানস্কির বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে গাগার সাম্প্রতিক অনুপস্থিতির কারণে। গত এক মাসেরও বেশি সময় ধরে তাকে জনসমক্ষে দেখা যায়নি এবং ঘনিষ্ঠদের সঙ্গেও তার যোগাযোগ সীমিত হয়ে পড়েছে। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তার প্রসাধনী ব্র্যান্ড ‘হাউস ল্যাবস’ নিয়ে সক্রিয় রয়েছেন।
বিয়ের সম্ভাবনার পেছনে অন্যতম কারণ হলো, এর আগেও এই জুটি ছোট ও ব্যক্তিগত আয়োজনে বিয়ে করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। ২০২৪ সালে এক টিভি অনুষ্ঠানে গাগা এবং পরবর্তীতে পোলানস্কি জানিয়েছিলেন, তারা বিশাল কোনো অনুষ্ঠানের চেয়ে ঘরোয়া আয়োজনে বিশ্বাসী। এমনকি ২০২৬ সালের মার্চে গাগা নিজেই ইঙ্গিত দিয়েছিলেন যে, তারা শীঘ্রই বিয়ে করতে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এই জুটির এনগেজমেন্ট রিংটিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ক্যালিফোর্নিয়ার মিল ভ্যালির ‘সোফিয়া জুয়েলারি’র তৈরি এই আংটিতে বিশাল আকারের ডিম্বাকৃতির হীরা এবং গোলাপি হীরার সমাহার রয়েছে। পাথরের মান ও আকার অনুযায়ী এই আংটির বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভেনিস চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠানে গাগাকে এই আংটি পরে দেখা গেছে।
গাগা ও পোলানস্কির বাগদানও ছিল বেশ নাটকীয়। ২০২৪ সালের ১ এপ্রিল রক-ক্লাইম্বিংয়ের সময় পোলানস্কি তাকে বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি দীর্ঘ সময় গোপন রাখার পর জুলাই মাসে প্যারিস অলিম্পিকের সময় ফরাসি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে গাগা প্রথমবারের মতো পোলানস্কিকে তার বাগদত্তা হিসেবে পরিচয় করিয়ে দেন।