ভারতের মুম্বাইয়ে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সাগর পিকচার্স এন্টারটেইনমেন্ট ‘ভগবত মহাপুরাণ’-এর ওপর ভিত্তি করে সাত পর্বের একটি সিনেমা ফ্র্যাঞ্চাইজি নির্মাণের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আকাশ সাগর চোপড়া ও অমৃত সাগর চোপড়া জানিয়েছেন, এই সিরিজের প্রথম সিনেমার নাম ‘শ্রীমদ্ভাগবতম পার্ট ১: বিষ্ণুরতা’। ভক্তি, ধর্ম ও ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত এই ফ্র্যাঞ্চাইজিটি বিশ্বব্যাপী ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘বিষ্ণুরতা’ শব্দটি রাজা পরীক্ষিতের সঙ্গে সম্পর্কিত, যার অর্থ যিনি সর্বদা বিষ্ণুর সুরক্ষায় থাকেন। এই ফ্র্যাঞ্চাইজির মূল কেন্দ্রবিন্দুতে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ। বিশাল এই আখ্যানকে বড় ক্যানভাসে তুলে ধরার লক্ষ্যে প্রায় ছয় বছর ধরে গবেষণার পর সিনেমাটির চিত্রনাট্য ও নির্মাণ পরিকল্পনা সাজানো হয়েছে।
সিনেমাটির পরিচালনায় আছেন প্রয়াত নির্মাতা রামানন্দ সাগরের নাতি আকাশ সাগর চোপড়া ও অমৃত সাগর চোপড়া। রামানন্দ সাগর ১৯৮৭ সালে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘রামায়ণ’ নির্মাণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার আধ্যাত্মিক এই মহাকাব্যকে আধুনিক প্রযুক্তির সমন্বয় এবং ধর্মীয় ভাস্কর্য ও চিত্রকলার আদলে পর্দায় জীবন্ত করার চেষ্টা করছেন নির্মাতারা।
সিনেমাটির নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। আগামী ২০২৭ সালে বিশ্বব্যাপী প্রিমিয়াম ফরম্যাটে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। পর্যায়ক্রমে সিরিজের বাকি পর্বগুলোর তথ্য আনুষ্ঠানিকভাবে জানাবে নির্মাতা প্রতিষ্ঠানটি।