যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যানাহেইমে অনুষ্ঠিত ডিজনির দ্বিবার্ষিক ফ্যান কনভেনশন ডি২৩-এ বিশ্বের বিভিন্ন প্রান্তের ডিজনি পার্কগুলোর জন্য নতুন রাইড, থিম ল্যান্ড, শো এবং রেস্তোরাঁ নির্মাণের বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ডিজনি এক্সপেরিয়েন্সেস শোকেসে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামী কয়েক বছরে বিনোদনের নতুন অভিজ্ঞতা যোগ করতে পার্কগুলোতে এই বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।
ডিজনি ওয়ার্ল্ডে ভিলেনস ল্যান্ড
ওয়াল্ট ডিজনি ইমাজিনিয়ারিংয়ের প্রেসিডেন্ট ও চিফ ক্রিয়েটিভ অফিসার ব্রুস ভন জানিয়েছেন, ম্যাজিক কিংডমে নতুন ‘ভিলেনস ল্যান্ড’ তৈরি করা হচ্ছে। ডিজনি সিনেমার ক্লাসিক ভিলেনদের থিমে সাজানো এই এলাকাটি আকারে বিশাল হবে। এখানে দুটি নতুন রাইড থাকবে, যার একটি হবে ম্যালিফিসেন্ট থিমের রোলার কোস্টার এবং অন্যটি হবে ম্যাজিক মিরর কেন্দ্রিক একটি বোট রাইড।
কার্স ও ট্রপিক্যাল আমেরিকাস ল্যান্ড
ম্যাজিক কিংডমে পিক্সারের ‘কার্স’ মুভির থিমে নতুন রাইড তৈরির ঘোষণা এসেছে। এর পাশাপাশি অ্যানিমেল কিংডমে ‘ট্রপিক্যাল আমেরিকাস ল্যান্ড’ তৈরি করা হচ্ছে। সেখানে ইন্ডিয়ানা জোন্স এবং এনকান্টোর মতো জনপ্রিয় সিনেমার আদলে নতুন রাইড থাকবে। ইন্ডিয়ানা জোন্স রাইডে হ্যারিসন ফোর্ডকে অ্যানিমেট্রনিক মডেলে দেখা যাবে।
অ্যাভেঞ্জার্স ক্যাম্পাস ও মনস্ট্রোপলিস
ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চারে অ্যাভেঞ্জার্স ক্যাম্পাস আয়তনে দ্বিগুণ করা হচ্ছে, যেখানে ইনভিনিটি ডিফেন্স এবং স্টার্ক ফ্লাইট ল্যাব নামে দুটি নতুন রাইড যুক্ত হবে। অন্যদিকে, হলিউড স্টুডিওতে ‘মনস্ট্রোপলিস’ নামে নতুন একটি এলাকা তৈরি করা হচ্ছে, যা আগামী বছরই দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। এছাড়া ডিজনি ওয়ার্ল্ডে ‘টুুমোরোল্যান্ড’-এর পূর্ণাঙ্গ সংস্কার এবং নতুন জাহাজসহ ডিজনি ক্রুজ লাইনের সম্প্রসারণের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।
আন্তর্জাতিক পার্কের পরিকল্পনা
বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত ডিজনি পার্কগুলোর জন্যও বিশেষ ঘোষণা এসেছে। এর মধ্যে টোকিও ডিজনিল্যান্ডে স্পেস মাউন্টারের নতুন সংস্করণ ‘আর্থরাইজ’, প্যারিসের ডিজনিল্যান্ডে লায়ন কিং রাইড এবং সাংহাই ডিজনিল্যান্ডে স্পাইডারম্যান থিমের প্রথম এলাকা নির্মাণের কাজ চলছে। এছাড়া ডিজনিল্যান্ড প্যারিসে স্পেস মাউন্টারকে তার পুরোনো রূপে ফিরিয়ে আনা হবে।