ঢাকাSaturday , 19 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

স্যামসাং ফোনের গ্যালারিতে আসছে গুগল ফটোস সিঙ্ক সুবিধা


September 19, 2026 4:00 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবং স্যামসাং যৌথভাবে তাদের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ফটো ও ভিডিও সিঙ্ক করার নতুন সুবিধা ঘোষণা করেছে। এর মাধ্যমে স্যামসাং ফোন ব্যবহারকারীরা তাদের গ্যালারি অ্যাপের ছবি ও ভিডিও সরাসরি গুগল অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে পারবেন। আগামী ৩০ সেপ্টেম্বর মাইক্রোসফট ওয়ানড্রাইভের সাথে স্যামসাংয়ের দীর্ঘদিনের ইন্টিগ্রেশন শেষ হতে চলায় ব্যবহারকারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ আপডেট হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রযুক্তি বিষয়ক সাইট আইস ইউনিভার্সের তথ্যমতে, স্যামসাংয়ের গ্যালারি সেটিংসে নতুন ‘সিঙ্ক ফটোস অ্যান্ড ভিডিওস’ অপশন যুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণে চলা স্যামসাং ডিভাইসের ব্যবহারকারীরা ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এই সুবিধা পাবেন।

এই সুবিধাটি ব্যবহারের জন্য স্যামসাং গ্যালারি অ্যাপের সেটিংসে গিয়ে গুগল অ্যাকাউন্ট নির্বাচন করে অনুমতি দিতে হবে। সিঙ্ক করার পর গ্যালারি থেকে কোনো ছবি মুছে ফেললে তা গুগল ফটোস এবং ক্লাউড স্টোরেজ থেকেও মুছে যাবে। একইসাথে উভয় প্ল্যাটফর্মে করা যেকোনো এডিট সব জায়গায় স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে।

তবে এই সুবিধাটি সব ধরনের অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য নয়। গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট, প্যারেন্টাল সুপারভিশনে থাকা গুগল অ্যাকাউন্ট এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই সিঙ্ক সুবিধা ব্যবহার করা যাবে না। এছাড়া গুগল ফটোসে ব্যাকআপ না থাকলে সিঙ্ক করা ছবিগুলো মেমোরিজ, হাইলাইটস বা সার্চের মতো ফিচারে দেখা যাবে না। স্যামসাং এবং গুগল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই আপডেট সম্পর্কে বিস্তারিত প্রক্রিয়া জানিয়ে দিয়েছে।