ঢাকাWednesday , 19 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

দামের চাপে ফুল থেকে মুখ ফেরাচ্ছেন ক্রেতারা


August 19, 2026 5:45 pm
Link Copied!

বরিশালের বাজারে কয়েক মাসের ব্যবধানে কাঁচা ফুলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। উৎপাদন ব্যয় বৃদ্ধি, অনাবৃষ্টি, প্রতিকূল আবহাওয়া, পরিবহন খরচ এবং সরবরাহ সংকটকে এর পেছনে প্রধান কারণ হিসেবে দায়ী করছেন ব্যবসায়ীরা। দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা ফুল কেনা কমিয়ে দিয়েছেন এবং এর পরিবর্তে অনেকে কৃত্রিম ফুলের দিকে ঝুঁকছেন।

ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, ছয় মাস আগে যে এক হাজার গাঁদা ফুলের দাম ছিল প্রায় ৩০০ টাকা, বর্তমানে তা কিনতে হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকায়। একইভাবে প্রতি পিস রজনীগন্ধার দাম ৫-৬ টাকা থেকে বেড়ে ২০-২২ টাকায় দাঁড়িয়েছে। দেশি গোলাপের দামও কয়েক গুণ বেড়ে ১০০ পিস ১৭০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ২৫০-৩০০ টাকায় পাওয়া যেত। বিদেশি ফুল লিলি, গোলাপ ও সূর্যমুখীর দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।

ক্রেতাদের অভিযোগ, হঠাৎ করে ৫-৬ গুণ দাম বেড়ে যাওয়া অস্বাভাবিক। সাইদুর রহমান ও আলাউদ্দিনসহ বেশ কয়েকজন ক্রেতা জানান, আগে ৩০০ টাকার মধ্যে যে ফুলের তোড়া কেনা যেত, তা এখন ২০০০ টাকায় কিনতে হচ্ছে। বাড়তি দামের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া ফুল কেনা বন্ধ করে দিয়েছেন অনেকে।

ফুল ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি মো. মুজাহার আলী গাজী জানান, আগে দোকানে প্রতিদিন ৪০-৫০ হাজার টাকা বিক্রি হলেও এখন তা ৫-১০ হাজার টাকায় নেমে এসেছে। অনেক ব্যবসায়ী লোকসান গুনতে না পেরে পেশা পরিবর্তন করছেন। স্থায়ী খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন খুচরা বিক্রেতারা।

ব্যবসায়ীদের মতে, উৎপাদন পর্যায় থেকে শুরু করে খুচরা বিক্রয় পর্যন্ত একটি যৌক্তিক মূল্য নির্ধারণ করা প্রয়োজন। এছাড়া পচনশীল পণ্য হওয়ায় পরিবহন ব্যয় সমন্বয় করা জরুরি। বর্তমানে বিয়ে বা বিশেষ দিবস ছাড়া ফুলের বিক্রি প্রায় স্থবির হয়ে পড়েছে।