বাংলাদেশের রাজধানী ঢাকার নিউ বেইলি রোডের বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে এমএফএইচ সায়েন্স ক্লাবের আয়োজনে সেরা ১৫০ শিক্ষার্থীর মধ্যে ন্যাশনাল মেরিট স্কলারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে মনিপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. ফারহান ইশরাক। শুক্রবার (২৪ জুলাই) আয়োজিত ‘ন্যাশনাল মেরিট স্কলারশিপ অ্যাওয়ার্ড ও বেস্ট মাদার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা তরুণ শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অ্যাওয়ার্ড প্রাপ্তির পর ফারহান জানায়, তার এই অর্জনের পেছনে মা-বাবার অনুপ্রেরণা সবচেয়ে বেশি। বড় হয়ে সে সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে দেশের সেবা করতে চায়।
এমএফএইচ সায়েন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৫০ জন শিক্ষার্থীকে স্কলারশিপ এবং কৃতী শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অবদান রাখায় ৭০ জন মাকে ‘বেস্ট মাদার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও মেডেল তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপি-এর প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি অ্যান টেইলর। এছাড়াও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধ্যাপক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. কামরুজ্জামানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমএফএইচ সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. ফারুক হোসাইন জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং তাদের অভিভাবকদের অবদানের স্বীকৃতি জানানোই এই আয়োজনের মূল লক্ষ্য।