ঢাকাTuesday , 28 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগের আগ্রহ মালয়েশীয় প্রতিষ্ঠানের


July 26, 2026 4:20 pm
Link Copied!

বাংলাদেশের পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি এবং সোলার বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান এমডিটি ইনোভেশনস। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের আমন্ত্রণে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা জেলাটির শিল্পায়নের সম্ভাবনা যাচাই করতে পরিদর্শনে এসেছেন।

মালয়েশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার সিম হোন ওয়াইয়ের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল দেবীগঞ্জ উপজেলার অর্থনৈতিক অঞ্চল, বিভিন্ন খাস জমি এবং নদীর অববাহিকায় থাকা পতিত জমিগুলো ঘুরে দেখেন। এসময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ম্যাপের মাধ্যমে শিল্প স্থাপনের উপযুক্ত জমি, জমির পরিমাণ, যাতায়াত ব্যবস্থা ও মানবসম্পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের সামনে তুলে ধরা হয়।

পরিদর্শন শেষে শনিবার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ী নেতা, আমদানিকারক ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগের পরিকল্পনা বিষয়ে এমডিটি ইনোভেশনস’র চিফ অপারেটিং অফিসার সিম হোন ওয়াই জানান, পঞ্চগড়ে শিল্পায়নের বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিশাল সমতল ভূমি এবং যানজটমুক্ত পরিবেশ তাদের আকৃষ্ট করেছে। তারা এখানে গ্রিন এনার্জি বা সোলার বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষি ও প্রযুক্তিনির্ভর শিল্প স্থাপনের বিষয়টি নিয়ে কাজ করতে আগ্রহী। এই বিনিয়োগের মাধ্যমে স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জের অর্থনৈতিক অঞ্চল চালু এবং অঞ্চলভিত্তিক অর্থনৈতিক সমতা আনয়নে সরকার কাজ করছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কৃষিভিত্তিক শিল্পায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগের এই আগ্রহ স্থানীয়দের জন্য বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।