মিশরের মিস ইকো ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন মডেল ও ডিজে আভিলা ইসলাম। ২০২৬ সালে তাকে ‘মিস ইকো বাংলাদেশ ২০২৬’ হিসেবে মনোনীত করা হয়েছে, যার মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নারী বিশ্বমঞ্চে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেলেন।
আভিলা ইসলাম মূলত আন্তর্জাতিক টেকনো ডিজে, সংগীত প্রযোজক এবং মডেল হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ সময় ধরে সংগীত ও ফ্যাশন অঙ্গনে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করছেন। ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন ধরনের সংগীতের সাথে যুক্ত থাকলেও পরবর্তীতে তিনি আন্ডারগ্রাউন্ড টেকনো ঘরানার সংগীতে নিজেকে নিয়োজিত করেন।
দেশীয় গণ্ডি পেরিয়ে আভিলা মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে তিনশটিরও বেশি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন। সংগীতশিল্পে নারীদের অংশগ্রহণ এবং ক্ষমতায়নের লক্ষ্যে তিনি ‘শিকিউ হাউস’ (SheQ House) নামে একটি পেশাদার প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছেন, যা ইলেকট্রনিক সংগীতের সাথে যুক্ত নারীদের জন্য কাজ করছে।