নেপাল-তিব্বত সীমান্তের গিরং বন্দরে ভয়াবহ হড়পা বানের কবলে পড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ভারতের অভিনেত্রী মানসী পারেখ। সদগুরুর কৈলাস মানস সরোবর যাত্রায় অংশ নিতে বর্তমানে তিনি চীনে অবস্থান করছেন। এই দুর্যোগে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় ভ্রমণসূচি অনুযায়ী গন্তব্যে পৌঁছানোর আগেই সেখানে বিধ্বংসী বন্যার ঘটনা ঘটে, যা অভিনেত্রীর নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছিল।
মানসী পারেখ জানান, বৃহস্পতিবার তার গিরং বন্দরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই বুধবার সেখানে প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। পানির তীব্র তোড়ে গিরং বন্দরসহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা পুরোপুরি তছনছ হয়ে গেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান পরিস্থিতির ভিডিও শেয়ার করে জানান, মাত্র পাঁচ দিন আগেও ওই অঞ্চলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল, অথচ এখন তা পানির নিচে।
নিজের বর্তমান অবস্থা সম্পর্কে অভিনেত্রী জানান, ঈশ্বরের কৃপায় তিনি এবং তার সঙ্গীরা চীনে নিরাপদে আছেন। ইশা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের ফিরিয়ে নেওয়ার পাশাপাশি বন্যার কবলে পড়া অন্যদের উদ্ধারেও চেষ্টা চালানো হচ্ছে। জীবনের অনিশ্চয়তার কথা উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্তদের জন্য ভক্তদের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, বুধবার নেপাল ও তিব্বত সীমান্তের রসুয়া জেলা এবং গিরং অঞ্চলে হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানির তোড়ে প্লাবিত এলাকায় উদ্ধার তৎপরতা ও নিখোঁজদের সন্ধানে কাজ চলছে।