বাংলাদেশের শেরপুর জেলায় তথ্য ও সেবাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। তথ্যপ্রযুক্তির মাধ্যমে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা ও জরুরি তথ্য সহজলভ্য করার লক্ষ্যে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিয় শেরপুরের প্রতিষ্ঠাতা ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল। তিনি জানান, শেরপুরের সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমাতে এই প্ল্যাটফর্মটি একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার হিসেবে কাজ করবে। এটি শুধু একটি ওয়েবসাইট বা অ্যাপ নয়, বরং জেলাকে স্মার্ট ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার একটি মাধ্যম।
প্রধান অতিথি কাকন রেজা বলেন, প্রযুক্তির মাধ্যমে স্থানীয় তথ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই উদ্যোগ বর্তমান সময়ের দাবি। তিনি প্ল্যাটফর্মটির সফলতা কামনা করে তথ্যের নির্ভুলতা ও নিয়মিত হালনাগাদের ওপর গুরুত্বারোপ করেন।
প্রিয় টেক বাংলাদেশ-এর দ্বিতীয় পণ্য হিসেবে এই প্ল্যাটফর্মে পর্যায়ক্রমে হাসপাতাল, চিকিৎসক, রক্তদাতা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, পর্যটনকেন্দ্র ও জরুরি সেবাসহ বিভিন্ন নাগরিক তথ্যের সংযোজন করা হবে। অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।