যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হেভেনে অবস্থিত ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, সৌরজগতের সূচনালগ্ন থেকেই গ্রহ গঠনের প্রক্রিয়াটি অত্যন্ত বাছাইমূলক ছিল। নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, সৌরজগতের একদম শুরুর দশ লাখ বছরের মধ্যে কঠিন বস্তু তৈরির সময় বরফসমৃদ্ধ ধুলোর পরিবর্তে তাপের মাধ্যমে তৈরি পাথরের ক্ষুদ্র কণা বা ‘কনড্রুলস’-এর প্রাধান্য ছিল।
গবেষক দলের প্রধান এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক ডামানভির গ্রেওয়াল জানান, সৌরজগতের একদম শুরুর দিকের বস্তুগুলো ৮৩ থেকে ৯২ শতাংশ কনড্রুলস দিয়ে তৈরি। এতে পরবর্তী সময়ে গঠিত বস্তুর তুলনায় বরফ ও উদ্বায়ী উপাদানের পরিমাণ ছিল খুবই সামান্য।
সৌরজগতের শুরুর দিকে দুটি প্রধান উপাদান ছিল। একটি হলো কনড্রুলস, যা উচ্চ তাপমাত্রায় তৈরি পাথরের ক্ষুদ্র কণা। অন্যটি হলো ম্যাট্রিক্স, যা বরফ ও জৈব উপাদানে ভরা ঠান্ডা ধূলিকণা। আগে বিজ্ঞানীরা মনে করতেন, সৌরজগতের জন্মের ২ থেকে ৪ মিলিয়ন বছর পর এই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু নতুন এই গবেষণা সেই সময়কালকে আরও পেছনে নিয়ে গেছে।
প্রাচীন লৌহ উল্কার ভেতর সংরক্ষিত রাসায়নিক সংকেত বিশ্লেষণ করে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। যেহেতু সেই সময়ের আদি কোনো কঠিন বস্তু এখন আর অবশিষ্ট নেই, তাই উল্কার ভেতরে থাকা সালফার এবং লোহার জারণ অবস্থা পরীক্ষা করে গ্রহাণুর মূল গঠন সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
এই গবেষণার ফলাফল সৌরজগতের প্রাথমিক গঠন প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞানীদের দীর্ঘদিনের অমীমাংসিত প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। কেন প্রাচীন কনড্রুলসগুলো বর্তমানে বিরল, তার কারণও উঠে এসেছে এই গবেষণায়। গবেষকদের মতে, প্রথম প্রজন্মের গ্রহাণুগুলো গঠনের পরপরই গলে যাওয়ায় অনেক প্রাচীন কনড্রুলস ধ্বংস হয়ে গিয়েছিল, যার ফলে সেগুলোর ভৌত প্রমাণ খুঁজে পাওয়া এখন কঠিন।