বাংলাদেশের ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া আইসিপি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে সাম্প্রতিক পুশইন, চোরাচালান ও উত্তেজনা প্রশমনে উভয় বাহিনীর এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
রবিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান। বিএসএফের ৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতের ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এসএইচ রবীন্দ্র মাদানি।
বৈঠকে সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ করা, অবৈধ পারাপার রোধ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে উভয় বাহিনী একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
উভয় পক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, সীমান্তে কোনো বিরোধ সৃষ্টি হলে তা প্রথমে স্থানীয় কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সেখানে সমাধান না হলে বিষয়টি ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এছাড়া সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে অবৈধ অবকাঠামো নির্মাণ না করার বিষয়েও উভয় পক্ষ পুনর্ব্যক্ত করেছে।
সীমান্তবর্তী এলাকায় জমি নিয়ে কোনো বিরোধ দেখা দিলে তা আইন নিজের হাতে না তুলে উভয় বাহিনীর সহযোগিতায় আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে। এই বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।