ঢাকাSaturday , 22 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শরীয়তপুরে ২৫ বছর দায়িত্ব শেষে ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়


August 22, 2026 4:15 pm
Link Copied!

বাংলাদেশের শরীয়তপুরের নড়িয়ায় দীর্ঘ ২৫ বছর একই মসজিদে ইমামতি করার পর মাওলানা আবুল হোসেনকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় জানানো হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী বিদায় সংবর্ধনায় ইমামের প্রতি এলাকাবাসীর অকৃত্রিম ভালোবাসা ও সম্মান ফুটে ওঠে। দীর্ঘদিনের কর্মস্থল থেকে ইমামের এমন বিদায় দৃশ্য স্থানীয়দের আবেগাপ্লুত করে তোলে।

মাওলানা আবুল হোসেন টানা ২৫ বছর ধরে এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার খুতবা ও তারাবির পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও নৈতিক পরামর্শ দিয়ে এলাকার মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন। মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বিদায় অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয়রা তার দীর্ঘ সেবাকার্যের প্রশংসা করেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাওলানা আবুল হোসেন বলেন, এই মসজিদের সঙ্গে আমার জীবনের ২৫টি বছর জড়িয়ে আছে। এখানকার মুসল্লি ও এলাকাবাসী আমাকে যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন, তা আমার কাছে অত্যন্ত মূল্যবান। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং নিজেও সবার জন্য দোয়া করেছেন।

স্থানীয় ইউপি সদস্য কালাম খান জানান, তিনি শুধু একজন ইমাম ছিলেন না, বরং পরিবারের অভিভাবকের মতো ছিলেন। বিদায়ের এই বিশেষ আয়োজনটির অন্যতম উদ্যোক্তা রবিউল ইসলাম রাব্বি বলেন, ইমাম সাহেবের সঙ্গে দীর্ঘদিনের আত্মিক সম্পর্কের জায়গা থেকেই এলাকাবাসী তাকে এভাবে সম্মানের সঙ্গে বিদায় জানাতে চেয়েছেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ জইনুদ্দিন খান জানান, ইমাম সাহেবের সুনাম ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাতেই মুসল্লিদের অংশগ্রহণে এই রাজকীয় বিদায়ের আয়োজন করা হয়েছে।