যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত একদল গবেষক আন্টার্কটিকা কেন আর্কটিকের লক্ষ লক্ষ বছর আগে বরফে আচ্ছাদিত হয়েছিল, তার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পেয়েছেন। বিখ্যাত সায়েন্স জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, পৃথিবীর গভীরে থাকা ভূ-তাত্ত্বিক শক্তি পূর্ব আন্টার্কটিকার ভূখণ্ডকে ধীরে ধীরে ওপরে তুলে এনেছিল, যা সেখানে পাহাড় ও উঁচু মালভূমি তৈরি করে। এই উচ্চতা বরফ জমার জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করেছিল।
কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ
বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে অবাক ছিলেন যে, পৃথিবী আজকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ থাকা সত্ত্বেও কীভাবে আন্টার্কটিকায় বিশাল বরফের স্তর গড়ে উঠল। নতুন এই গবেষণায় দেখা গেছে, জুরাসিক যুগে আন্টার্কটিকা ও আফ্রিকা আলাদা হওয়ার পর দীর্ঘ ১০ কোটি বছর ধরে পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির প্রভাবে পূর্ব আন্টার্কটিকার স্থলভাগ ধীরে ধীরে উঁচুতে উঠতে থাকে। প্রায় ৩৪ মিলিয়ন বছর আগে এই প্রক্রিয়াটি আন্টার্কটিকায় বরফের স্তর তৈরির পথ প্রশস্ত করে।
গবেষণার পদ্ধতি ও প্রভাব
সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থমাস গার্নন এবং তার সহযোগীরা কম্পিউটার মডেলিংয়ের মাধ্যমে গত ১০ কোটি বছরের আন্টার্কটিকার ভূ-তাত্ত্বিক বিবর্তন বিশ্লেষণ করেছেন। তাদের মতে, ভূ-তাত্ত্বিক পরিবর্তনের ফলে তৈরি হওয়া ‘ম্যান্টল ওয়েভ’ বা ভূ-অভ্যন্তরীণ তরঙ্গই এই ভূমি উঁচুতে তোলার প্রধান কারণ। ৪.৫ কোটি বছর আগে আন্টার্কটিকার অধিকাংশ এলাকা বরফ জমার জন্য প্রয়োজনীয় উচ্চতায় (প্রায় ২ কিলোমিটার) পৌঁছে যায়।
পাহাড় ও বরফের সম্পর্ক
গবেষকদের মতে, গাম্বুরতসেভ পাহাড়ের উচ্চতা বাড়ার ফলে সেখানকার তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে যায়, যা তুষারপাত ও বরফ জমে থাকার জন্য উপযোগী ছিল। বরফের স্তর বড় হওয়ার সাথে সাথে তা সূর্যরশ্মি প্রতিফলিত করে অঞ্চলটিকে আরও শীতল করে তোলে। আর্কটিক অঞ্চলের স্থলভাগের উচ্চতা তুলনামূলক কম হওয়ায় সেখানে অনেক দেরিতে বরফ জমেছে। এই গবেষণা পৃথিবীর প্রাচীন বরফ যুগ এবং ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ধারা বুঝতে গবেষকদের নতুন দিকনির্দেশনা দেবে বলে মনে করা হচ্ছে।