বাংলাদেশের রাজবাড়ী সদর উপজেলার বড়নুরপুর এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধারের তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পরিচয় না মেলায় শনিবার বেলা ১১টা পর্যন্ত মরদেহটি দাফন করা সম্ভব হয়নি।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট-নিমতলা সড়কের বড়নুরপুর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। শনিবার বেলা ১১টা পর্যন্ত মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা ছিল। নিহত নারীর বয়স আনুমানিক ২৯ বছর। উদ্ধারের সময় তার পরনে ছিল নীল রঙের বোরকা ও গোলাপি রঙের পায়জামা।
স্থানীয়দের ধারণা, ওই নারীকে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এ বিষয়ে কাজ করছে। পরিচয় শনাক্তের লক্ষ্যে ওই সড়কের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পরিচয় না মেলায় দাফন প্রক্রিয়া এখনো সম্পন্ন করা সম্ভব হয়নি।