বাংলাদেশের ফেনীর ছাগলনাইয়া সীমান্তে চাষাবাদের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোশাররফ (৪৫) নামে এক কৃষক আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এই তথ্য নিশ্চিত করেছেন। সীমান্ত এলাকায় কৃষকের ওপর বিএসএফের এই গুলিবর্ষণের ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে। আহত কৃষক মোশাররফ ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার মিয়ার বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, নিজের জমিতে কাজ করার সময় হঠাৎ বিএসএফের একটি গুলি এসে মোশাররফের পিঠের বাম পাশে লাগে। গুলির আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
বর্তমানে তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডের ক্যাজুয়ালটিতে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা তার শরীর থেকে কিছু গুলির অংশবিশেষ বের করতে সক্ষম হলেও ভেতরে এখনও কিছু অংশ রয়ে গেছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।