ঢাকাMonday , 7 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

জয়পুরহাটে মাদরাসায় নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে বিক্ষোভ


September 7, 2026 1:15 am
Link Copied!

জয়পুরহাটের জয়পুরহাট সদরের গতনশহর দ্বিমুখী দাখিল মাদরাসায় অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ পরীক্ষায় স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীরা। এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে শনিবার দুপুরে পরীক্ষাকেন্দ্রে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

মাদরাসাটিতে অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী—এই দুটি পদে লোক নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে মোট ১১ জন প্রার্থী আবেদন করেন। চাকরিপ্রার্থী ও স্থানীয়দের অভিযোগ, পরীক্ষা শুরুর আগেই ম্যানেজিং কমিটির পছন্দের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, পরিচ্ছন্নতাকর্মী পদে পুরানাপৈল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান হোসেন হিরোর ভাই শাওন হোসেন এবং অফিস সহায়ক পদে আব্দুল্লাহ আল মামুন সৌরভের নিয়োগ চূড়ান্ত ছিল।

স্থানীয়দের ভাষ্যমতে, নিয়োগ পরীক্ষাটি ছিল মূলত নামমাত্র। প্রভাবশালীদের স্বজনদের নিয়োগ পাইয়ে দিতেই রাতের আঁধারে এডহক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তর করা হয়েছে বলেও স্থানীয়রা অভিযোগ তুলেছেন।

নিয়োগ পরীক্ষা শুরুর আগে মাদরাসার সুপার আব্দুস ছালাম সব অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, পরীক্ষা স্বচ্ছভাবে নেওয়া হচ্ছে। তবে পরীক্ষা শেষে অভিযোগ অনুযায়ী পূর্বনির্ধারিত প্রার্থীদেরই নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মাদরাসা পরিচালনা ও নিয়োগ কমিটির সভাপতি গোলাম কিবরিয়া দাবি করেছেন, সব নিয়ম মেনেই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আযিযুল হাকিম জানিয়েছেন, নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।