বাংলাদেশের ঢাকার প্রধান কার্যালয়ে সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা ‘ইকোনমিক আউটলুক ২০২৬: এনকোরিং ইনসাইট’ উন্মোচন করেছে। ব্যাংকের এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে গত ২ আগস্ট আয়োজিত এই প্রকাশনাটি জ্ঞানভিত্তিক ব্যাংকিং সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান।
এই প্রকাশনাটিতে বৈশ্বিক ও বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক খাত, পুঁজিবাজার, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স, গুরুত্বপূর্ণ শিল্পখাত, টেকসই উন্নয়ন এবং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির বিস্তারিত তথ্যভিত্তিক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। করপোরেট ব্যাংকিং, এসএমই, রিটেইল, ট্রেজারি ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং কার্যক্রমে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করাই এই প্রকাশনার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান খায়রুল আনাম মহিউদ্দিন প্রকাশনাটির কাঠামো ও প্রণয়ন প্রক্রিয়া তুলে ধরেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী গবেষণামুখী সাংগঠনিক সংস্কৃতির ওপর জোর দেন। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলম জানান, এটি ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক ইউনিটে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে কাজ করবে।
সমাপনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান বলেন, এই প্রকাশনাটি একটি জ্ঞানভিত্তিক ও ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংকের অগ্রযাত্রায় মাইলফলক। অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।