মালদ্বীপের দক্ষিণাঞ্চলীয় ফুভামুল্লাহ দ্বীপের সমুদ্রে ওশেনিক হোয়াইটটিপ প্রজাতির হাঙরের অস্বাভাবিক লাফ দেওয়ার ঘটনা বিশ্বজুড়ে গবেষকদের মাঝে সাড়া ফেলেছে। ডাইভিং সেন্টার পেলাজিক ডাইভার্সের ডুবুরিদের ক্যামেরায় ধারণ করা এই বিরল দৃশ্যটি সম্প্রতি একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকীতে নথিভুক্ত করা হয়েছে। ওশেনিক হোয়াইটটিপ হাঙরের এই আচরণ কেন গুরুত্বপূর্ণ, তা নিয়ে এখন চলছে ব্যাপক চুলচেরা বিশ্লেষণ।
ফুভামুল্লাহ ও হুভাধু অ্যাটলের মধ্যবর্তী সমুদ্র এলাকায় ডাইভিং করার সময় ডুবুরিরা দেখতে পান, একটি পূর্ণবয়স্ক স্ত্রী ওশেনিক হোয়াইটটিপ হাঙর মুখে মাছ নিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উঁচুতে লাফিয়ে উঠছে। নিচে ফেরার সময় মাছটি তার মুখ থেকে পড়ে যায়। একই সময় আশপাশে আরও দুটি হাঙরের উপস্থিতি লক্ষ্য করেন ডুবুরিরা। ঘটনার প্রত্যক্ষদর্শী ডুবুরি আহমাদ ইনাহু জানান, দীর্ঘ ক্যারিয়ারে এমন অভিজ্ঞতার মুখোমুখি তিনি আগে কখনো হননি।
কাতার বিশ্ববিদ্যালয়সহ একদল আন্তর্জাতিক গবেষক ভিডিওটি বিশ্লেষণ করে জানিয়েছেন, ওশেনিক হোয়াইটটিপ হাঙর সাধারণত গভীর সমুদ্রে থাকে এবং তাদের এভাবে লাফ দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। গবেষকদের মতে, এটি শিকার ধরার কোনো কৌশল বা হাঙরের স্বাভাবিক কোনো আচরণের অংশ হতে পারে। তবে ঠিক কী কারণে হাঙরটি এমন আচরণ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সামুদ্রিক জীববিজ্ঞানীরা মনে করছেন, এই বিরল পর্যবেক্ষণটি হাঙরের আচরণ সম্পর্কে নতুন তথ্য জানার সুযোগ তৈরি করবে। সেই সাথে মালদ্বীপের সমুদ্র যে সামুদ্রিক প্রাণীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল, এই ঘটনা তার একটি বড় প্রমাণ হিসেবে দেখছেন গবেষকরা।