মালয়েশিয়া ও বাংলাদেশের দুই প্রান্তে বসবাস করেও গুগল লোকাল গাইডস প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরেছেন প্রবাসী বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী। সিঙ্গাপুরে আয়োজিত গুগল ম্যাপস অবদানকারীদের সম্মেলন ‘কানেক্ট লাইভ ২০২৬’-এ তারা শাড়ি, পাঞ্জাবি ও লুঙ্গি পরে উপস্থিত হয়ে বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্বদরবারে উপস্থাপন করেছেন। গুগল ম্যাপসের মাধ্যমে মানুষের উপকারে অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য এই দম্পতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পেয়েছেন।
পাভেল ও সুমাইয়ার পথচলা শুরু হয় ২০১২ সালে। ২০১৩ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০১৫ সালে পাভেল উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান। অন্যদিকে, সুমাইয়া বাংলাদেশে থেকে উদ্যোক্তা ও সমাজকর্মী হিসেবে নিজেকে নিয়োজিত রাখেন। গুগল লোকাল গাইডস কমিউনিটির মাধ্যমে তাদের এই কাজ আরও বিস্তৃত হয়।
তাদের সাফল্যের ধারাবাহিকতায়, পাভেল সারওয়ার ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগল সদর দপ্তরে লোকাল গাইডস সামিটে অংশগ্রহণ করেন এবং ২০২১ সালে ‘গাইডিং স্টার অ্যাওয়ার্ড’ অর্জন করেন। এছাড়া তিনি ২০২৫ সালে টোকিওতে অনুষ্ঠিত কানেক্ট লাইভেও যোগ দেন।
সুমাইয়া জাফরিন চৌধুরী ২০২০ সালে ‘হেল্পফুল হিরো’ ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ড লাভ করেন এবং গুগল লোকাল গাইডসের কানেক্ট মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি একাধিকবার যুক্তরাষ্ট্রে গুগলের বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ২০১৭ সালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুগল তাকে ‘ইনস্পায়ারিং ওম্যান’ হিসেবে স্বীকৃতি দেয়।
বর্তমানে মালয়েশিয়ায় বসবাসরত এই দম্পতির কাছে গুগল ম্যাপস কেবল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, বরং মানুষের উপকারের একটি মাধ্যম। তাদের বিশ্বাস, সঠিক তথ্য, ছবি ও ভিডিওর মাধ্যমে তারা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ করে তুলছেন। পাশাপাশি, বিশ্বজুড়ে নতুন গাইডদের অনুপ্রেরণা জোগানোর মাধ্যমে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।