ঘরেই তৈরি করা সম্ভব সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ভাইরাল ডেজার্ট গুলাব জামুন কেক। ঐতিহ্যবাহী গুলাব জামুনের স্বাদ এবং নরম কেকের মোলায়েম টেক্সচারের সমন্বয়ে তৈরি এই মিষ্টান্নটি অতিথি আপ্যায়ন বা যেকোনো বিশেষ দিনে পরিবেশনের জন্য উপযুক্ত।
উপকরণ
কেকের ব্যাটারের জন্য প্রয়োজন আধা কাপ ঘি বা মাখন, আধা কাপ চিনি গুঁড়ো, আধা কাপ টাটকা টক দই, ১ কাপ গুঁড়ো দুধ, ১ টেবিল চামচ সুজি, আধা কাপ ময়দা, ৩/৪ চা চামচ বেকিং পাউডার, ৩/৪ চা চামচ বেকিং সোডা, আধা চা চামচ এলাচ গুঁড়ো, ১ চা চামচ গোলাপ জল বা কেওড়া জল এবং পরিমাণমতো দুধ। সিরার জন্য লাগবে ১ কাপ চিনি, ১ কাপ পানি, ১/৪ চা চামচ এলাচ গুঁড়ো ও সামান্য জাফরান বা গোলাপ জল। সাজানোর জন্য প্রয়োজন পেস্তা, কাঠবাদাম কুচি ও রূপার ভরক।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে ঘি বা মাখনের সঙ্গে চিনি গুঁড়ো ভালো করে ফেটিয়ে নিন। এরপর টক দই মিশিয়ে মসৃণ করে নিন। শুকনো উপকরণগুলো যেমন গুঁড়ো দুধ, সুজি, ময়দা, বেকিং পাউডার, সোডা ও এলাচ গুঁড়ো মিশিয়ে ব্যাটার তৈরি করুন। সবশেষে গোলাপ জল ও অল্প করে দুধ মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করতে হবে।
গ্রিজ করা কেক মোল্ডে ব্যাটার ঢেলে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করা ওভেনে ৩০ থেকে ৩৫ মিনিট বেক করুন। কেক ওভেনে থাকা অবস্থায় চিনি, পানি ও এলাচ জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিন। কেক হয়ে গেলে টুথপিক দিয়ে ছিদ্র করে গরম অবস্থায় সিরা ঢেলে দিন। কেকটি সিরা শুষে নিলে ওপরে বাদাম কুচি ছিটিয়ে পরিবেশন করুন। ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রায় এই কেক খেতে সবচেয়ে সুস্বাদু হয়।