বাংলাদেশের কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুর এলাকায় নিখোঁজের তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামের এক রিকশাচালকের মরদেহ ফিশারির পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুধ মিয়া মনিপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পারিবারিক সূত্র জানায়, গত ৪ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে তিনি মোবাইল ফোনে তার মেয়েকে জানান যে তিনি বাড়ি ফিরছেন। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরদিন তার মেয়ে হনুফা আক্তার বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শুক্রবার বিকেলে স্থানীয়রা বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি নির্জন ফিশারির পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
এসআই মঞ্জুর রহমান জানান, দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহ ফুলে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগেই তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোকাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, দুধ মিয়া অত্যন্ত দরিদ্র ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।