যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জয়েন্ট ইন্টারএজেন্সি টাস্ক ফোর্স ৪০১ (JIATF-401) ড্রোন প্রতিহত করার প্রযুক্তি ক্রয়ের জন্য ৭ বিলিয়ন ডলারের বিশাল অংকের চুক্তি ঘোষণা করেছেন। এই চুক্তির মাধ্যমে সেনবাহিনী তাদের ড্রোন ও কাউন্টার-ড্রোন মার্কেটপ্লেস এবং ডোমেস্টিক শিল্ড প্রোগ্রামের সক্ষমতা বাড়াবে। সেনাবাহিনীর সহকারী সচিব ব্রেন্ট ইনগ্রাহাম জানিয়েছেন, এই উদ্যোগের উদ্দেশ্য হলো বিভিন্ন ধরণের ড্রোন হামলা থেকে সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সুরক্ষিত রাখা।
প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহের এই প্রক্রিয়ায় অ্যালেন কন্ট্রোল সিস্টেম, ড্রোনশিল্ড, এলথ্রি-হ্যারিস উইস্ক্যামসহ একাধিক কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সেনবাহিনী সেন্সর, ইফেক্টর এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটাতে চায়।
কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ
জেআইএটিএফ-৪০১ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ম্যাট রস জানান, ড্রোন মোকাবেলায় কোনো একটি নির্দিষ্ট প্রযুক্তি বা একক সমাধানের ওপর নির্ভর না করে একাধিক কার্যকর ব্যবস্থার সমন্বয় ঘটানো হচ্ছে। তিনি বলেন, বর্তমানে ড্রোন প্রযুক্তির বিবর্তন ঘটছে, তাই একক কোনো বিক্রেতার ওপর নির্ভরশীল না থেকে সেনবাহিনী বিভিন্ন ধরণের প্রতিযোগিতামূলক প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে চায়।
পরবর্তী পদক্ষেপ
এই চুক্তির আওতায় ড্রোন শনাক্তকরণ, ট্র্যাকিং, নিয়ন্ত্রণ এবং তা ধ্বংস করার মতো বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া, ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (NNSA) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার ফলে ড্রোন সংক্রান্ত তথ্য আদান-প্রদান আরও সহজ হবে এবং অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা কমিয়ে অর্থ ও সময় সাশ্রয় করা সম্ভব হবে।