বাংলাদেশের কক্সবাজার শহরে পুলিশ বক্স নির্মাণের কথা বলে বিভিন্ন হোটেল ও রিসোর্ট থেকে চাঁদাবাজির অভিযোগে জিয়াবুল হক (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার পৌরসভার সৈকতপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই প্রতারক চক্রটি বিভিন্ন অভিজাত হোটেল থেকে টাকা হাতিয়ে নেওয়ায় পর্যটন এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
গ্রেফতার জিয়াবুল হক চট্টগ্রামের লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের তেলিয়াপাড়ার আকতার কামালের ছেলে। তিনি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সৈকতপাড়া এলাকায় বসবাস করতেন এবং সেখানে ‘আবরার এন্টারপ্রাইজ’ নামে একটি মোবাইল ব্যাংকিং ও এক্সেসরিজের দোকান চালাতেন।
পুলিশ জানায়, গত ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে একটি চক্র কক্সবাজার শহরের সীগাল হোটেল, হোটেল সাম্পান ও হোটেল কক্স টুডেসহ বিভিন্ন তারকামানের প্রতিষ্ঠানে গিয়ে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী পুলিশ বক্স বসানোর নামে হোটেল মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে এবং তা আদায় করে আত্মসাৎ করে।
এই ঘটনার প্রেক্ষিতে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ জিয়াবুল হককে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ব্যাংক অ্যাকাউন্টের চেক বই এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।