ঢাকাTuesday , 28 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ইকোসিস্টেম কী? বাস্তুসংস্থানের গুরুত্ব ও কার্যপদ্ধতি সহজ ব্যাখ্যা

Truth Post
July 10, 2026 1:19 am
Link Copied!

ড. মো. ফোরকান আলী, গবেষক ও সাবেক অধ্যক্ষ

সাগরের গভীরে যেন এক জাদুকরী ক্যানভাস। রঙিন প্রবাল প্রাচীরের চারপাশে রঙিন মাছের আনাগোনা দেখে মনে হয়, কেউ যেন রঙের তুলি দিয়ে তাদের গায়ে বিচিত্র সব নকশা এঁকে দিয়েছে। এই মাছগুলো কখনো লুকোচুরি খেলছে, আবার কখনো প্রবাল প্রাচীরের আড়ালে নিজেকে লুকিয়ে শত্রুর হাত থেকে বাঁচাচ্ছে। অদ্ভুত এক সমান্তরালে সাগরের এই নীল জলরাশির নিচে প্রবাল প্রাচীর ও রঙিন মাছেরা গড়ে তুলেছে তাদের নিজস্ব আবাসভূমি।

বনের সুউচ্চ গাছগুলোকে আশ্রয় করে বেড়ে ওঠে একদল রঙিন ক্যাকটাস। টিকে থাকার তীব্র আকাঙ্ক্ষায় তারা সবসময় বড় গাছগুলোকেই বেছে নেয় এবং বেঁচে থাকা অবধি একে অপরকে জড়িয়ে থাকে। এরই মধ্যে ঘাস খেতে আসা এক অবুঝ খরগোশের ওপর বাজপাখির তীক্ষ্ণ দৃষ্টি পড়ে। বাতাসের ডানায় ভর করে অতর্কিতে নেমে আসা বাজপাখির থাবায় খরগোশটি বন্দি হয় এবং মুহূর্তের মধ্যেই বৃক্ষের ডালে বসে তার ধারালো নখের আঁচড়ে শিকার সম্পন্ন করে পাখিটি।

প্রকৃতিতে টিকে থাকার এই তিনটি ভিন্ন গল্প আসলে ইকোসিস্টেম বা বাস্তুসংস্থানেরই একেকটি অনন্য দৃষ্টান্ত। রঙিন মাছ, প্রবাল প্রাচীর, ক্যাকটাস, বড় গাছ, বাজপাখি, খরগোশ ও ঘাস—এরা সবাই এই জটিল ইকোসিস্টেমের অবিচ্ছেদ্য উপাদান।

ইকোসিস্টেম কী?
প্রকৃতির সকল জৈব (জীবিত) ও অজৈব (মৃত) উপাদানের সমন্বিত রূপই হলো ইকোসিস্টেম। এর জীবিত উপাদানের মধ্যে রয়েছে সব ধরনের গাছপালা, প্রাণী এবং মাটিতে বসবাসকারী অণুজীব। অন্যদিকে, বাতাস, পানি ও পাথর হলো এর মৃত উপাদান। আমাদের পৃথিবী জুড়ে বিস্তৃত প্রাণিমণ্ডলের একটি ক্ষুদ্র অংশ হলো এই ইকোসিস্টেম, যা জীববিজ্ঞানের ভাষায় বিভিন্ন এলাকায় ‘বায়োমস’ হিসেবে পরিচিত।

ইকোসিস্টেম কেন প্রয়োজন?
পৃথিবীতে কোনো কিছুই এককভাবে টিকে থাকতে পারে না, আর সেই প্রয়োজনীয়তা থেকেই সমাজব্যবস্থার উদ্ভব। ইকোসিস্টেম ঠিক তেমনই একটি সমাজব্যবস্থা, যেখানে প্রতিটি উপাদান একে অপরের ওপর নির্ভরশীল। এখানে সবাই নিজ নিজ ভূমিকা পালন করে এবং জীবিত উপাদানগুলো খাদ্যাভ্যাসের ভিত্তিতে দুই ভাগে বিভক্ত:

• উৎপাদক: এরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে।
• খাদক: এরা খাদ্যের জন্য অন্য জীবিত উপাদানের ওপর নির্ভর করে।

গাছপালা সূর্যের আলো, বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড এবং মাটি থেকে পানি সংগ্রহ করে ক্লোরোফিলের মাধ্যমে খাদ্য উৎপাদন করে। এই উদ্ভিদের ওপর নির্ভরশীল প্রাণীদের জীবনচক্র নিম্নরূপ:

• প্রাথমিক খাদক: খরগোশ, ইঁদুর ও বিভিন্ন পোকামাকড়, যারা লতাপাতা বা ঘাস খেয়ে বেঁচে থাকে।
• গৌণ বা মাধ্যমিক খাদক: ভল্লুক, বাঘ, সিংহ, হায়েনা, বাজ, শকুন ও ঈগল, যারা মাংসাশী প্রাণী হিসেবে পরিচিত।
• পচনকারী (ডিকম্পোজর): ব্যাকটেরিয়া ও ছত্রাক, যারা মৃত উদ্ভিদ ও প্রাণীর অবশিষ্টাংশ পচিয়ে মাটির পুষ্টি উপাদানে রূপান্তর করে।

ইকোসিস্টেমের পরিধি ও কার্যপদ্ধতি
ইকোসিস্টেম আয়তনে ছোট বা বড় হতে পারে, যেমন কয়েকশ বর্গমাইল বিস্তৃত ট্রোপিক্যাল রেইন ফরেস্ট কিংবা মাত্র কয়েক মাইল বিস্তৃত ম্যানগ্রোভ বন। একই অঞ্চলে বিভিন্ন ইকোসিস্টেম পাশাপাশি অবস্থান করতে পারে। ইকোসিস্টেমের সকল উপাদান খাদ্য এবং শক্তির নিবিড় বন্ধনে যুক্ত থাকে, যাকে ‘খাদ্যজাল’ বলা হয়। নদী তীরবর্তী ঘাস, কীটপতঙ্গ, স্যামন মাছ এবং ভল্লুকের পারস্পরিক নির্ভরশীলতার চক্রটি মৃত উপাদান থেকে পুনরায় পুষ্টি সংগ্রহের মাধ্যমে প্রবহমান থাকে।

ইকোসিস্টেমের ক্ষতি ও আমাদের করণীয়
ইকোসিস্টেমের যেকোনো একটি উপাদানে পরিবর্তন ঘটলে তা পুরো ব্যবস্থার ভারসাম্য নষ্ট করে দেয়। খরা, বৃষ্টিহীনতা, প্রচণ্ড ঝড় বা অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক দুর্যোগে ইকোসিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বাস্তুসংস্থান টিকিয়ে রাখা আমাদের অস্তিত্বের জন্যই জরুরি, কারণ ইকোসিস্টেম ধ্বংস হলে মানুষসহ পৃথিবীর সকল প্রাণী চরম বিপদের মুখে পড়বে।