যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির গবেষকরা গবেষণায় দেখেছেন যে ওজেম্পিক এবং ওয়েগোভি ওষুধের প্রধান উপাদান ‘সেমাগ্লুটাইড’ বার্ধক্যজনিত প্রক্রিয়াকে ধীর করতে সক্ষম। জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএইচ) অর্থায়নে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, সেমাগ্লুটাইড বয়স্ক ইঁদুরের স্মৃতিশক্তি, পেশির কার্যক্ষমতা এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণের ক্ষমতা উন্নত করেছে, যা দীর্ঘায়ু পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে।
গবেষণাটিতে ২০ মাস বয়সী নারী ইঁদুরের ওপর তিন মাস ধরে সেমাগ্লুটাইড প্রয়োগ করা হয়। দেখা গেছে, যেসব ইঁদুরকে এই ওষুধ দেওয়া হয়েছিল, সেগুলোর পেশি এবং মস্তিষ্কের কার্যকারিতা সাধারণ ইঁদুরের তুলনায় অনেক ভালো। এছাড়া তাদের শরীরে প্রদাহ কমেছে এবং কোষ পুনর্গঠনের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আয়ুর ক্ষেত্রেও এটি বিশেষ প্রভাব ফেলেছে; এই ওষুধ সেবনকারী ইঁদুরের গড় আয়ু অন্যান্যদের তুলনায় প্রায় ১০০ দিন বেশি ছিল।
গবেষক দলের প্রধান ড্যানিকা চেনের মতে, ওজেম্পিক কেবল ক্ষুধা কমানোর কাজই করে না, বরং এটি ক্যালরি নিয়ন্ত্রণের বাইরেও শরীরের এমন কিছু জৈবিক প্রক্রিয়ায় কাজ করে যা বার্ধক্যকে প্রভাবিত করে। তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, ইঁদুরের ওপর পাওয়া এই ফলাফল মানুষের ক্ষেত্রে সরাসরি কার্যকর কি না, তা নিশ্চিত হতে আরও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন। ভবিষ্যতে সুস্থ বয়স্কদের ওপর এই ওষুধের প্রভাব নিয়ে গবেষণার সুযোগ রয়েছে বলে তারা জানান।