বাংলাদেশের উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক। সোমবার আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে এবং আগামী কয়েক দিন কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মৌসুমি বায়ু বর্তমানে দেশের ওপর সক্রিয় থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার দেশের রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবারও বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ঝড় ও বৃষ্টির এই প্রবণতা আরও বাড়তে পারে। বঙ্গোপসাগরের সম্ভাব্য লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন দেশের আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনশীল থাকার সম্ভাবনা রয়েছে।