যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডট কমের প্রতিবেদন অনুযায়ী, শরীরে আয়রনের ঘাটতি দূর করতে খাবারের তালিকায় পরিবর্তন আনা সবচেয়ে কার্যকর উপায়। আয়রন শরীরের জন্য প্রয়োজনীয় হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে, যা রক্তে অক্সিজেন পরিবহনে মূল ভূমিকা পালন করে।
আয়রনসমৃদ্ধ খাবার
শরীরে আয়রনের মাত্রা ঠিক রাখতে প্রাণিজ এবং উদ্ভিদজাত খাবারের সমন্বয় করা প্রয়োজন। রেড মিট বা লাল মাংস আয়রনের অন্যতম প্রধান উৎস। তবে নিরামিষাশীদের জন্য পালং শাক, মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের ডাল আয়রনের বড় ভাণ্ডার।
ভিটামিন সি এর ভূমিকা
শুধু আয়রনসমৃদ্ধ খাবার খেলেই হবে না, শরীর যাতে তা সঠিকভাবে শোষণ করতে পারে সেজন্য ভিটামিন সি প্রয়োজন। কমলা, লেবু বা স্ট্রবেরির মতো ভিটামিন সি যুক্ত ফল আয়রন শোষণের ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।
সতর্কতা
কফি বা চায়ের ট্যানিন আয়রন শোষণে বাধা দেয়। তাই আয়রনসমৃদ্ধ খাবার খাওয়ার ঠিক পরেই চা বা কফি পান করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া লোহার কড়াইয়ে রান্না করা খাবার খাওয়া শরীরের আয়রনের জোগান দিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।